বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে : ভূমিমন্ত্রী

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ-অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সেবা খাতে ঘুষ দু্র্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

তিনি বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিল। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপিল নিষ্পত্তিতে কীভাবে সময় কমানো যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকরণে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

পরবর্তী সময়ে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩ তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD