মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন। 

মঙ্গলবার (৮ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইনসে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাস এয়ারলাইনসে ১০ হাজার ৩৮৮ জন ও অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬৮৯ জন।

এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD