রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সেখানকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করা হবে না।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধের প্রভাব যাত্রী পারাপারে পড়েনি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হঠাৎ এ সিদ্ধান্তে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD