রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজির নিয়োগ বাতিল

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এজন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

তাদের দুজনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এজন্য আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি।

নিয়োগ দেওয়ার দিনই নিয়োগের প্রজ্ঞাপন আবার বাতিল করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি। আপনি ওয়েবসাইট দেখে এ বিষয়ে জেনে নেন’ বলেই ফোন কেটে দেন।

গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD