সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

রংপুরের চার হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না: ত্রাণমন্ত্রী

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরের চার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্ত কার্যক্রমে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত থাকলে তাদের উন্মোচিত করে আইনের আওতায় আনা এখন জরুরি।”

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, “এত বড় একটি হত্যাকাণ্ড রংপুর শহরে ইতোপূর্বে ঘটেছে বলে আমাদের জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সময় নিচ্ছে। আশা রাখছি, অল্প কিছুদিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার কার্যক্রম শেষ করতে পারব।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই মেডিকেলের দৃশ্যমান পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তিনি। সংকটগুলো সমাধানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতি অল্প সময়ের মধ্যে উত্তরের এই চিকিৎসাকেন্দ্রের অব্যবস্থাপনা দূর হবে বলে আশ্বাস দেন ত্রাণমন্ত্রী। এছাড়াও আইসিইউ বেডের সংকট আগামী এক মাসের মধ্যেই কাটিয়ে তোলা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলের কারণে শুধু উত্তরবঙ্গের স্বাস্থ্য খাত নয়, সারাদেশের স্বাস্থ্যসহ সমস্ত খাতই প্রায় ধ্বংসের কিনারায় গিয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি সেই ধ্বংসস্তূপ খাতকে মানুষের সেবামুখী করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য খাতকে শতভাগ সেবামুখী করতে। এ খাতে জনবল সংকট আছে, তা খুব দ্রুত সমাধান হবে।”

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD