বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার (৪ জুন) দেশে ফিরলেন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে।

গত তিন মাস ধরে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ। গত ২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ।

এই পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।
ড. খলিলুর এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD